দিন শেষে শুধু একটি ক্রেস্ট বা সম্মাননাই নয়, সঙ্গে করে সবাই নিয়ে গেলাম নতুন করে পথচলার সাহস, আরও বড় হওয়ার প্রত্যয়। এটি একটি অঙ্গীকার—ভালো ফলের পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় এসে কথাগুলো বলল গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া ইমরান মাহমুদ।
আর সংবর্ধনা অনুষ্ঠানে আসতে খুব ভোরে উঠতে হয়েছে চরফ্যাশন ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া আছিয়া জাহানের। বাড়ি থেকে অটোরিকশায় করে ১৫ কিলোমিটার দূরে চরফ্যাশন শহরে এসে ভোরের প্রথম বাস ধরতে হয়েছে। এরপর ভোলা জেলা শহরে এসে আবার অটোরিকশায় করে অনুষ্ঠানস্থলে। তার সঙ্গে তাঁর বাবাও কষ্ট করেছেন। কিন্তু অনুষ্ঠানে অংশ নেওয়ার আনন্দে সব কষ্ট ভুলে যাওয়ার কথা জানাল আছিয়া।