‘আল্লাহ, আমার পুড়ি (মেয়ে) কী করে খাবো, আমি কী করে খাওয়াবো? আমার জামাই মইরা গেছে। আমার নাতিন আর পুতিও মইরা গেছে। সব হারাইছি। আমার সব শেষ গো, আল্লাহ গো।’
জামাতা, বেয়াইন, নাতনি ও নাতনির ছেলেকে হারিয়ে বিলাপের সুরে কথাগুলো বলছিলেন রহিমা বেগম (৭০)। গতকাল শুক্রবার সকালে তাঁদের সবাইকে বিদায় দিয়েছেন। অথচ এর কিছুক্ষণ পরই পান সড়ক দুর্ঘটনায় সবার মৃত্যুর খবর। তখন থেকেই স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কোনোভাবেই থামছিল না এই বৃদ্ধার কান্না।
গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন। তাঁদের মধ্যে ছয়জনই জামালপুরের বাসিন্দা।