সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ৭০ জন সংবাদকর্মী শারীরিক হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি, হুমকি ও বাধার শিকার হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সেপ্টেম্বর ২০২৬-এর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার বিএজের গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশের কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত সংবাদকর্মীদের মধ্যে ৪০ জন শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন। আটজন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। আর ২২ জন সরাসরি হুমকি, হেনস্তা ও পেশাগত কাজে বাধার শিকার হয়েছেন।