সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) টানা তিন সপ্তাহ ধরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুহাম্মদ শফি উল্ল্যাহ মজুমদারকে। তিনি ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার এক্সটেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। যোগদানের তারিখ হতে চার বছর তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।