কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত আছে। জেলার ১৮টি থানায় একযোগে চালানো এবারের অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এ অভিযান চালানো হয়। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে প্রথম আলোকে এসব তথ্য জানান।
এর আগে কুমিল্লায় গত বুধবার ও শনিবার রাতে একইভাবে অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ২৮১ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে গত পাঁচ দিনে তিন দফা অভিযানে ১ হাজার ২৯৩ জনকে আটক করেছে পুলিশ।