বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের দুই সহপাঠী আফরা খাতুন ও উম্মে হাবিবা। এবারের এসএসসি পরীক্ষায় দুজনই জিপিএ-৫ পেয়েছে। ফল প্রকাশের পর দীর্ঘদিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি তাদের। এ জন্য শিখো-প্রথম আলোর জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে উদ্‌গ্রীব ছিল তারা। আজ বাস-অটোরিকশাসহ বিভিন্ন বাহনে চড়ে তারা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়।
শুক্রবার বগুড়া উপশহর এলাকার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে আসার পর উচ্ছ্বাস প্রকাশ করে আফরা খাতুন বলে, ‘প্রথম আলোর সংবর্ধনার জন্য অপেক্ষায় ছিলাম। আজ সেই মাহেন্দ্রক্ষণ। সারা রাত ঘুম হয়নি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাতসকালে সংবর্ধনায় এসেছি। এখানে এসে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। অন্য রকম উত্তেজনা কাজ করছে। আড্ডা হবে, গান হবে, খুবই ভালো লাগছে।’