National
৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে
ওয়ারিনা ফিহার কাছে রাতটা যেন অকারণেই দীর্ঘ হচ্ছে। কিছুতেই ঘুম আসছিল না। কয়েক দিন ধরেই সে অপেক্ষা করছিল একটি বিশেষ দিনের জন্য। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর প্রথম আলোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার ভাবনাই তাকে উচ্ছ্বস
লেখক প্রতিনিধি69K বার পড়া
ওয়ারিনা ফিহার কাছে রাতটা যেন অকারণেই দীর্ঘ হচ্ছে। কিছুতেই ঘুম আসছিল না। কয়েক দিন ধরেই সে অপেক্ষা করছিল একটি বিশেষ দিনের জন্য। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর প্রথম আলোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার ভাবনাই তাকে উচ্ছ্বসিত করে রেখেছিল। আজ রোববার সকাল হতে না হতেই বাবাকে তাড়া দিতে শুরু করে। প্রায় ৪৫ কিলোমিটার দূরে ফুলবাড়ী উপজেলা থেকে বাবার মোটরসাইকেলে চেপে দিনাজপুরে আসে ওয়ারিনা। এরপর বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়, সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে।
ওয়ারিনার বাবা ওয়াহিদুজ্জামান বলেন, ‘মেয়ে কয়েক দিন ধরেই অনুষ্ঠান নিয়ে খুব আবেগাপ্লুত ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে নিজেই প্রস্তুত হয়েছে। অন্য দিন ওর মা ওকে ঘুম থেকে ডেকে তোলে। মেয়ের আনন্দের জন্য এতটা পথ এসেছি। আসার সময় পথে ওর এক বন্ধুকে পেলাম। ওকেও সঙ্গে নিয়ে এসেছি।’


