মেয়েটা ঘুমিয়ে আছে। শীর্ণ হাতে পরানো হয়েছে ক্যানুলা। চোখ দুটো লাল। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। মুখটা মলিন। বেড না মেলায় হাসপাতালের মেঝেতেই তার চিকিৎসা চলছে। পাশে বসে থাকা মা–বাবার চোখেমুখেও দুশ্চিন্তা।
মেয়েটির নাম নাফিয়া। বয়স ৫। পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত সে। গতকাল শনিবার রাতে ভর্তি করা হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে।
নাফিয়ার বাবা নূর আলম প্রথম আলোকে জানান, নাফিয়া একই সঙ্গে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত। তাঁর হৃদ্‌যন্ত্রেও ছিদ্র ধরা পড়েছে। সন্তানের একের পর এক অসুস্থতার কথা বলতে গিয়ে নাফিয়ার বাবা যেন নিজেই ক্লান্ত হয়ে পড়ছিলেন।