১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে সরকার যেন বাধা না দেয়, সেই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীদের হাজারো উসকানির মুখে চরম ধৈর্য–সংযম দেখাতে বলেছেন। এ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির এই আহ্বায়ক বলেন, ‘আমরা কারও উসকানিতে পা দেব না।’
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। আগামীকাল শনিবার অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের রংপুরমুখী লংমার্চের প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।