জাল দিয়ে মোড়ানো ৯টি খাঁচা। প্রতিটি খাঁচায় ছিল ৫০টি করে মোট সাড়ে ৪০০ মশা। তিনটি পৃথক কক্ষ থেকে একে একে খাঁচাগুলো বের করে দেখা হচ্ছিল, মশাগুলোর কী অবস্থা। দেখা গেল, একটি মশাও আর বেঁচে নেই।
গতকাল বুধবার বিকেল চারটায় ফগার যন্ত্রের মাধ্যমে ধোঁয়া দিয়ে ওই খাঁচাগুলোয় মশা নিধনের ওষুধ ম্যালাথিয়ন প্রয়োগ করা হয়েছিল। এরপর অপেক্ষা করা হয় ২৪ ঘণ্টা। আজ বৃহস্পতিবার একই সময়ে ওই খাঁচাগুলো পরীক্ষা করে এই ফল পাওয়া যায়।
অন্যদিকে একই সময়ে পৃথক তিনটি খাঁচায় কন্ট্রোল টেস্ট (নিয়ন্ত্রণ পরীক্ষা) করে দেখা হয়। অর্থাৎ ওই তিন খাঁচায় কোনো ওষুধ না দিয়ে শুধু খাবার দিয়ে মশা আটকে রাখা হয়েছিল। দেখা হয়, স্বাভাবিকভাবে কতটি মশার মৃত্যু হয়। আজ ২৪ ঘণ্টা পর ওই খাঁচাগুলো পরীক্ষা করে দেখা যায়, প্রথম দুটি খাঁচায় একটি করে দুটি মশা এবং তৃতীয় খাঁচায় তিনটি মশা মারা গেছে।