তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেবে। দুই সপ্তাহ আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি করে প্রস্তাব দেন।
তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর একাধিক নেতা জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবে মালিকপক্ষ। অর্থাৎ শুরুতে শ্রমিকপক্ষের চেয়ে অনেক কম মজুরি প্রস্তাব করবে তারা। পরে দর–কষাকষিতে প্রয়োজন হলে মজুরি কিছুটা বাড়াবে মালিকপক্ষ। অন্যদিকে একাধিক শ্রমিকনেতা জানান, গত তিনটি মজুরি বোর্ডের মতো কম মজুরি মেনে নেবে না শ্রমিকপক্ষ। দর–কষাকষির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে তারা।