দেশে জাতীয় কোনো ন্যূনতম মজুরিকাঠামো নেই। এমনকি খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা কীভাবে বিবেচনায় নেওয়া হবে, তারও সুস্পষ্ট কোনো পদ্ধতি নেই। ফলে নতুন মজুরি নির্ধারণের সময় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান দেখা দেয়। তাতে তৈরি হয় আস্থার সংকট।
এ পরিস্থিতি বদলাতে হলে জাতীয় ন্যূনতম মজুরিকাঠামো তৈরির দাবি জানিয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। তাঁদের মতে, মজুরি নির্ধারণের একটি স্থায়ী ভিত্তি থাকলে প্রতিবার এমন আন্দোলন ও অস্থিরতা তৈরি হবে না। আজ রোববার বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত এক ওয়েবিনারে এ কথাগুলো বলেন তাঁরা।