কৃষি, প্রযুক্তি, উৎপাদন ও পরিবেশবান্ধব ব্যবসাসহ বিভিন্ন খাতে উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ বছর জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন আট ব্যক্তি ও প্রতিষ্ঠান।
আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী এবারের জাতীয় এসএমই মেলা উদ্বোধন করেন। এবারের এসএমই মেলার প্রতিপাদ্য করা হয়েছে—‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।
বিজয়ীদের মধ্যে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) হয়েছেন এস এম ফারুক হাসান। তাঁর প্রতিষ্ঠান স্টাইলিশ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস বিভিন্ন ধরনের জুতা ও চামড়াপণ্য তৈরি করে। বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) হয়েছেন সৈয়দ আমিনুল কবির। তাঁর প্রতিষ্ঠান স্টার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরনের মসলার গুঁড়া, আচার, টমেটোর পেস্ট, নারকেল তেল প্রভৃতি উৎপাদন ও সরবরাহ করে।