চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১১ হাজার ৯০০ টাকা। বর্তমানে এ খাতের ন্যূনতম মজুরি ৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৮০০ টাকা।
গত সপ্তাহে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। বর্তমানে কর্মচারীদের ন্যূনতম ৮ হাজার ৫২৫ টাকা। সেই হিসাবে মজুরি বাড়ছে ৫ হাজার ৮৮০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মজুরি ১০ হাজার টাকা।