এক জোড়া মোজার দাম ৮৫ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা; আর একটি চামড়ার কোটের দাম ৯ হাজার পাউন্ডের বেশি, অর্থাৎ বাংলাদেশের প্রায় ১৫ লাখ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এমন দামেই পোশাক বিক্রি করে ব্রিটিশ বিলাসপণ্যের ব্র্যান্ড বারবেরি।
বারবেরি ব্র্যান্ডের পণ্য তালিকায় কয়েক শ পাউন্ড দামের স্কার্ফ ও বিলাসবহুল হাতব্যাগসহ নানা ধরনের পোশাক ও ফ্যাশনসামগ্রী রয়েছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিলাসপণ্যের বাজারে মন্দাভাবের মধ্যেও বারবেরির ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে। গত বছরও প্রতিষ্ঠানটি লোকসানে ছিল। প্রায় দেড় শ বছরের পুরোনো এই ব্রিটিশ ব্র্যান্ডটি লোকসান কাটিয়ে আবার মুনাফার ধারায় ফিরেছে। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।