যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ হওয়ার এক বছরের মধ্যে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী বেকার ভাতা বা কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। তাঁদের মধ্যে নতুন ও অপেক্ষাকৃত কম পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাতা নেওয়ার হার অক্সফোর্ড ও কেমব্রিজের মতো নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় সর্বোচ্চ ৫০ গুণ বেশি।
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের (ডিএফই) প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৭২৩ জন ২০২৩–২৪ অর্থবছরে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। ওই বছর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ১৬ হাজার। অর্থাৎ প্রতি ২৪ জনে একজন স্নাতক হওয়ার এক বছরের মধ্যে এমন সুবিধা নিয়েছেন।