ডেঙ্গু জ্বরে শ্বাসকষ্ট, কাশি কিংবা পেটব্যথা দেখা দিলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। জ্বর কমে যাওয়ার পরও এ ধরনের উপসর্গ দেখা দেওয়া জটিলতার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু হলে সাধারণত জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা, বমি বমি ভাব ও ত্বকে র্যাশ দেখা দেয়।
শ্বাসকষ্ট ও কাশি কেন হয়
ডেঙ্গুতে শ্বাসকষ্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে। গুরুতর ডেঙ্গুতে রক্তনালি থেকে তরল বেরিয়ে বুকের গহ্বরে জমতে পারে, যাকে প্লুরাল ইফিউশন বলা হয়। ফুসফুসের চারপাশে তরল জমলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ছাড়া ফুসফুসে পানি জমা, রক্তক্ষরণ, হৃদ্​যন্ত্রের সমস্যা কিংবা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ার মতো সংক্রমণও শ্বাসকষ্টের কারণ হতে পারে। অনেক সময় অতিরিক্ত স্যালাইন নিলে পানি জমে যেতে পারে। কাশি ডেঙ্গুর প্রধান বা নির্দিষ্ট লক্ষণ নয়। তবে জ্বরের সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট থাকলে ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য সম্ভাব্য কারণ যাচাই করা প্রয়োজন।