নিজের মেয়ের স্বপ্নপূরণে কোনো আপস নেই। পড়াশোনা, ক্যারিয়ার, স্বাধীনতা, সবকিছুতেই মেয়েকে এগিয়ে রাখতে চান বাবা। অথচ সেই একই মানুষ কখনো কখনো নিজের স্ত্রীর স্বপ্নের পথে শর্ত জুড়ে দেন। মেয়ের জন্য যে স্বাধীনতা চান, স্ত্রীর বেলায় সেটিই কেন মেনে নিতে পারেন না? বাবা হিসেবে ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ব, সম্মান আর ভালোবাসার জায়গায় কি কোথাও ঘাটতি থেকে যাচ্ছে?
খুব চেনা একজনের গল্প দিয়েই শুরু করি। সংগত কারণেই তাঁর নাম প্রকাশ করছি না। এই তো মাসখানেক আগে একদিন খেতে বসে তাঁর সঙ্গে গল্প হচ্ছিল। কথায় কথায় জানলাম, তাঁর স্ত্রীর চাকরি করার খুব ইচ্ছা। সেই ইচ্ছায় তিনি বাধা হচ্ছেন না ঠিকই, তবে একটি শর্ত আছে।