চিকিৎসকদের ৫১তম বিশেষ বিসিএসে চূড়ান্তভাবে মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী আবেদন করেছেন। ফি জমাদানের নির্ধারিত সময় শেষে এই তথ্য জানা গেছে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি হাসপাতালের জন্য মোট ৫ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান চূড়ান্ত আবেদনের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
পিএসসি সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া আগে শেষ হলেও প্রার্থীদের ফি জমা দেওয়ার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় নির্ধারণ করা ছিল। নিয়ম অনুযায়ী, আবেদনের পর কেবল যেসব প্রার্থী নির্ধারিত ফি সফলভাবে জমা দিয়েছেন, তাঁদের আবেদনই চূড়ান্ত বলে গণ্য করা হয়েছে। ফি জমা পড়া এই ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।