গভীর রাতে নদী ছেড়ে ডাঙায় উঠে আসে এক অদ্ভুত মাছ। কখনো দেখা মেলে ক্ষীরাখেতে, কখনো নদীর পাড়ে। দেখতে অনেকটা সাপের মতো। একসময় শীতলক্ষ্যা নদীতে এমন মাছের দেখা মিলত। স্থানীয় মানুষের কাছে বাহোক, বাসুকি কিংবা ক্ষীরাবাইম নামে পরিচিত এই মাছকে ঘিরে আছে কত গল্প, কত লোকবিশ্বাস! রহস্যময় এই মাছ নিয়ে লিখেছেন বন্য প্রাণী সংরক্ষক, লেখক ও শিকারকাহিনি রচয়িতা সরওয়ার পাঠান
মধ্যরাত। তারাভরা আকাশের নিচে নিজের ক্ষীরাখেতের এক কোণে সতর্ক শিকারির মতো ওত পেতে বসে আছেন মধ্যবয়সী কৃষক বুরুজ মিয়া। সে বছর চরসিন্দুরের চরে ক্ষীরার বেশ ভালো ফলন হয়েছে। বাজারে দামও ভালো। কিন্তু খেতটা দিনরাত পাহারায় রাখতে হয়। মানুষের পাশাপাশি কিছু প্রাণীও খেতের ফসল নষ্ট করে। বুরুজ মিয়া বসে আছেন তেমনই এক আগন্তুকের অপেক্ষায়।