এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে শহর ও মফস্‌সলের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা গেছে। পাসের হার ও জিপিএ-৫, উভয় ক্ষেত্রেই বেশ এগিয়ে ঢাকা মহানগর। আর ঢাকার বাইরের ফল হতাশাজনক।
এ বছর দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে জিপিএ-৪ থেকে ৫-এর নিচে প্রায় ১৪ দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী। গ্রেডভিত্তিক ফলের অন্যান্য পরিসংখ্যানও বলছে, এবার উত্তীর্ণ শিক্ষার্থীদের বড় অংশের ফল মাঝারি ও তার নিচে।