শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবার উচ্চশিক্ষায় ভর্তিযোগ্য আসন আছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
আজ শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।