এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শেখায় যে ঘাটতি ছিল, সেটা পরিলক্ষিত হয়েছে। আগামী দিনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজ শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
গতবারের চেয়ে পাসের হার আরও কমে যাওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রথমত এই কমে যাওয়াটা গ্রহণযোগ্য নয়। শিখনপদ্ধতিতে ঘাটতি রয়েছে। সবকিছু মিলিয়ে যে ঘাটতি রয়েছে সেটা পুনর্নির্ধারণ করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এটা তাঁদের দায়িত্ব।