১৭ বছর লন্ডনে কাটিয়ে এখন কেন্টে থাকেন সাইফ মিঠু। যুক্তরাজ্যের হাই সিকিউরিটি কারাগার বেলমার্শে কাজ করেন যুক্তরাজ্যের ফুড ডিপার্টমেন্টের এই প্রশাসনিক কর্মকর্তা। প্রবাসে থেকেও নিজ উদ্যোগে বাংলাদেশে গড়ে তুলেছেন বিদ্যা বিকাশ পাঠাগার। এ প্রকল্পের মাধ্যমে কুমিল্লার লালমাই উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে পৌঁছে দিচ্ছেন বই। শিশুদের বই পড়ানোর এই চিন্তা তার মাথায় কী করে এল, জানাচ্ছেন রাসেল হোসেন
২০২৪ সালের কথা। মেয়ে আরিয়া তখন তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুল থেকে প্রতি সপ্তাহে সে তিনটি করে বই বাড়ি নিয়ে আসত। গল্প, রূপকথা, ইতিহাস, বিজ্ঞান, জীবনী—নানা ধরনের বই। স্কুল থেকে তাকে একটি ‘রিডিং রেকর্ড’-ও দেওয়া হয়েছিল। বই পড়ে ফেরত দেওয়ার সময় সেখানে অভিভাবক হিসেবে সাইফ মিঠু অথবা তাঁর স্ত্রীকে স্বাক্ষর করতে হতো।