প্রয়োজনীয় সব দক্ষতাই ‘সিলেবাসে’ থাকবে কিংবা শিক্ষক সব হাতে ধরিয়ে শিখিয়ে দেবেন, সেই আশায় বসে থাকলে আর চলছে না। অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগেই ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। এআই–নির্ভর পৃথিবীতে এ কথা এখন আরও বেশি সত্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন, খোঁজ নিয়েছেন আমিনা মুমতারিন
শাহ্‌রিন ইসলাম, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
এআইয়ের যুগে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া মানে প্রযুক্তির সঙ্গে নিজের জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করে তোলা। তাই এআইয়ের সঙ্গে প্রতিযোগিতা নয়; বরং বন্ধুত্ব করে কৌশলে তাকে কাজে লাগাতে চাই। এআই কিছু চাকরির জন্য হুমকি হলেও মানুষের মতো যুক্তিনির্ভর চিন্তা করতে পারে না। এ কারণে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার পরিকল্পনা আছে। বিশেষ করে ইউটিউবে এখন বিভিন্ন ফ্রি কোর্স সহজেই পাওয়া যায়। পাশাপাশি নোটবুকএলএম, পারপ্লেক্সিটি ও জেস্টোরের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষণার দক্ষতাও বাড়াচ্ছি। কারণ, এআই তথ্য দিতে পারলেও কোনটি প্রয়োজনীয়, তা বোঝে না এবং সব সময় নির্ভুল তথ্যও দেয় না। তথ্যের প্রাসঙ্গিকতা, নির্ভরযোগ্যতা ও যথার্থতা যাচাইয়ে মানুষের নিজস্ব জ্ঞান ও বিচারবোধ অপরিহার্য।