নাম হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ। বাস্তবে এর কোনো কার্যক্রম নেই। কলেজটি খুঁজে পেতে বেগ পেতে হলো। ঢাকার ভাটারা থানাধীন জগন্নাথপুরের শহীদ হারিজ সড়কের ঠিকানা ধরে ৮ অক্টোবর গিয়ে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেও প্রথমে প্রতিষ্ঠানটির সন্ধান পাওয়া যায়নি। পরে একজন দোকানি আঙুল তুলে দেখিয়ে দিলেন একটি ভবন। জীর্ণ ওই ভবনের ফটকে পাশের দেয়ালে লেখা ‘রেইনবো মডেল হাইস্কুল’। নিচতলায় কাউকে পাওয়া গেল না। দোতলায় একজন নিজেকে কলেজটির উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বলে পরিচয় দিলেন। বললেন, এখানেই হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ চলে। তবে ভেতরে কলেজের কোনো কার্যক্রম ছিল না। দেখে মনে হয়, এটি সাধারণ কিন্ডারগার্টেন বা কোচিং সেন্টার।