স্বরযন্ত্র বা ল্যারিংসে দুটি ভোকাল কর্ড থাকে, যার কম্পনের মাধ্যমে আমরা কথা বলি। ল্যারিংস বা ভোকাল কর্ড আক্রান্ত হলে গলাব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন এবং শ্বাস নিতে কষ্ট হয়। কণ্ঠনালিতে জন্মগত সমস্যা, প্রদাহ, পলিপ, টিউমার বা ক্যানসার হতে পারে।
কণ্ঠনালির ক্যানসারের অন্যতম কারণ ধূমপান। এ ছাড়া মদ্যপান, জর্দা, সাদাপাতা, অতিরিক্ত মসলাযুক্ত খাদ্য গ্রহণ, অতিরিক্ত গরম খাবার খাওয়া, কণ্ঠনালির অতি ব্যবহার ইত্যাদিও ক্যানসারের অন্যতম কারণ।
কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন, যা ভালো হচ্ছে না বা ১৫ দিনের বেশি স্থায়ী হচ্ছে, শ্বাসকষ্ট, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, ঢোক গিলতে অসুবিধা, গলা ফুলে যাওয়া বা গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া। আক্রান্ত রোগীর কান ব্যথাও হতে পারে। কারণ, একই নার্ভ কান ও কণ্ঠনালির সঙ্গে সংযুক্ত।