১৯৩৫ সালে হাসান আলী ঢালী ও তাঁর কয়েকজন সহকর্মী বুড়িগঙ্গার তীরে অল্প কিছু দেশি ফল নিয়ে যে কেনাবেচা শুরু করেছিলেন, আজ তা বাদামতলী থেকে ওয়াইজঘাট, শাহজাদা মিয়া লেন ও বুড়িগঙ্গা ভবন মার্কেট পর্যন্ত বিস্তৃত। পরিচিত ‘বাদামতলী ফলের আড়ত’ নামে।
ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, বুড়িগঙ্গার এ তীরটা তখন সরগরম। নৌকার বইঠার শব্দ, ট্রলারের ইঞ্জিনের ভটভট আর কুলি-মজুরদের হাঁকডাক—সব মিলে কর্মচঞ্চল এক দুনিয়া।
এই ব্যস্ততার মধ্যেই বাতাসে ভেসে বেড়ায় আপেল, আম, কাঁঠাল কিংবা কমলার মিষ্টি সুবাস। ঢাকার সবচেয়ে বড় ও প্রাচীন ফলের আড়ত ‘বাদামতলী ফলের আড়ত’-এর ভোরের চিত্রটা এমনই।