কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণিত শেখার গুরুত্ব কমেনি; বরং বেড়েছে। গণিত মানুষের যুক্তি, বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান ও প্রযুক্তির দেওয়া তথ্যের যথার্থতা যাচাই করার সক্ষমতা বাড়ায়। তাই শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গণিত শেখার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন যুক্তরাজ্যের গণিতবিদ ও শিক্ষাবিশেষজ্ঞরা।
সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত পাঠকদের চিঠিতে এ মতামত উঠে এসেছে। ১৬ অক্টোবর প্রকাশিত সাইমন জেনকিনসের ‘We are teaching children maths they will never use. Isn’t it better to help them speak fluently?’ শীর্ষক নিবন্ধের প্রতিক্রিয়ায় শিক্ষাবিশেষজ্ঞরা এ কথা বলেন।