আজ ২৬ অক্টোবর। আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ। উত্তর গোলার্ধে শরৎকালের এই পূর্ণিমার একটি পরিচিত নাম ‘হান্টার্স মুন’ বা শিকারির চাঁদ। নামটি শুনে মনে হতে পারে, চাঁদ বুঝি আজ অন্য রকম। কিন্তু এই নামের পেছনে আছে পুরোনো দিনের জীবনযাপন, ঋতু বদল আর শীতের প্রস্তুতির ইতিহাস।
‘হান্টার্স মুন’ নামটির প্রচলন উত্তর গোলার্ধের ঋতুভিত্তিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। একসময় কৃষিকাজ ও প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষের জীবন চলত ঋতুর ছন্দে। শরৎকালে ফসল তোলার পর মাঠ অনেকটা ফাঁকা হয়ে যেত। গাছের পাতাও ঝরতে শুরু করত। ফলে খোলা জায়গায় বন্য প্রাণীর চলাচল চোখে পড়ত সহজে। শীত আসার আগে খাবার জোগাড় করতে তখন শিকারের ওপরও নির্ভর করতেন অনেকে।