খালি চোখে প্রায় দেখাই যায় না, এমন সব খুদে জীবের ছবি তোলেন কুতুব উদ্দিন। তেমনই এক জাতের অণুজীব স্লাইম মোল্ডের ছবি তুলে এবার জিতেছেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার পোর্টফোলিও পুরস্কার। যুক্তরাজ্যপ্রবাসী এই বাংলাদেশির গল্প শোনাচ্ছেন সজীব মিয়া
কুতুব উদ্দিনের পুরস্কারজয়ী গুচ্ছ ছবিগুলোর নাম ‘সিক্রেট ওয়ার্ল্ড’। ছয়টি ছবিতে উঠে এসেছে স্লাইম মোল্ডের প্রজননকাঠামো। স্লাইম মোল্ড ছত্রাকের মতো দেখতে একধরনের জীব, যা পচা কাঠসহ আর্দ্র পরিবেশে জন্মে। এদের আকার মাত্র ১ থেকে ২ মিলিমিটার। খালি চোখে সহজে নজরে পড়ে না। ম্যাক্রো লেন্সের সাহায্যে এদের সূক্ষ্ম গঠন, রং ও বিন্যাস ক্যামেরায় ধরেছেন কুতুব।