আগামী শিক্ষাবর্ষের প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপার কাজ চলছে। এর মধ্যে প্রাথমিক স্তরের বই ছাপাসহ সরবরাহের অগ্রগতি ভালো। তবে মাধ্যমিক স্তরে বেশ পিছিয়ে রয়েছে এই কাজ। নতুন শিক্ষাবর্ষের আর দুই মাস বাকি। এ পরিস্থিতিতে শিক্ষাবর্ষের শুরুতে সব শিক্ষার্থী সব পাঠ্যবই হাতে পাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত নবম-দশম শ্রেণির মাত্র ৩ শতাংশের মতো বই সরবরাহ করা হয়েছে। এ ছাড়া চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন করে যুক্ত হতে যাওয়া চারটি বইয়ের ছাপার কার্যাদেশ এখনো দেওয়া হয়নি।