পারিবারিক উদ্যোগে শুরু হওয়া এই পূজা এখন পরিবারের সদস্যদের একত্র হওয়ার উপলক্ষ। সারা বছর নানা কাজে দূরে থাকা স্বজনেরা পূজার কয়েকটি দিন এক ছাদের নিচে মিলিত হন। বাড়ির উঠানে জমে আড্ডা, চলে পূজার প্রস্তুতি, আর বড়দের কাছ থেকে ছোটরা শিখতে থাকে পূর্বপুরুষের রীতিনীতি। এভাবে নাগরনন্দী ঘোষবাড়ির দুর্গোৎসব হয়ে উঠেছে দেবীর আরাধনা, পারিবারিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক সম্মিলিত আয়োজন।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, আবেগ, ঐতিহ্য ও মিলনেরও উৎসব। এই উৎসবে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে যেমন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রার্থনা করা হয়, তেমনি স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দেও ভরে ওঠে মানুষের মন। মুন্সিগঞ্জের বালাশুরের নাগরনন্দী ঘোষবাড়িতে দুর্গাপূজা মানে শুধুই দেবী দুর্গার আরাধনা নয়, পরিবারের সদস্যদের একসঙ্গে হওয়ার উপলক্ষও। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারের গ্রামের বাড়ির দুর্গাপূজা হিসেবেও পরিচিত এটি। পরিবারের পুরোনো বাড়িতে সবাই একত্র হন। বড়দের সঙ্গে ছোটদের পরিচয়, ভাইবোনদের আড্ডা, পূজার নানা আয়োজন—সব মিলিয়ে বাড়িটি হয়ে ওঠে স্বজনদের মিলনমেলা। পূজার এই আয়োজন দেখতেই ঢাকা থেকে মোটরসাইকেলে প্রায় দেড় ঘণ্টার পথ পেরিয়ে গেলাম মুন্সিগঞ্জের বালাশুরের নাগরনন্দী ঘোষবাড়িতে। সঙ্গে সহকর্মী আলোকচিত্রী সুমন ইউসুফ।