মনোবিজ্ঞানের দৃষ্টিতে, নিজেকে জাহির করার পেছনে স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা যেমন কাজ করতে পারে, তেমনি থাকতে পারে নিজের সম্পর্কে অনিশ্চয়তা। অন্যের প্রশংসা, লাইক কিংবা ইতিবাচক মন্তব্য সাময়িকভাবে আত্মবিশ্বাস বাড়াতে পারে। তবে সব সময় অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করলে নিজের মূল্যবোধও অন্যের প্রতিক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়তে পারে।
নিজের অর্জন, অভিজ্ঞতা কিংবা সম্পদ তুলে ধরলেই কাউকে আত্মকেন্দ্রিক বলা যায় না। অনেক সময় মানুষ নিজের ভালো দিকগুলো সামনে আনতে চায়; কারণ, ভেতরে ভেতরে নিজের যোগ্যতা বা অবস্থান নিয়ে তাঁর সংশয় থাকে। অন্যের কাছ থেকে প্রশংসা পেলে সেই সংশয় কিছুটা কমে। যেমন কর্মক্ষেত্রে কোনো সাফল্যের কথা জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে একজন ব্যক্তি নিজের অর্জন সম্পর্কে আরও নিশ্চিত বোধ করতে পারেন।