দেশের টেক্সটাইল শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামগুলোয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর অনলাইনে আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত (ফুলটাইম ও পার্টটাইম) এই স্নাতকোত্তর প্রোগ্রামগুলোয় দেশ–বিদেশের মানসম্মত টেক্সটাইল ও ফ্যাশনশিল্পে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই আবেদন আহ্বান করা হয়েছে।
বুটেক্সের পাঁচটি ভিন্ন অনুষদের আওতায় বেশ কয়েকটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির সুযোগ রয়েছে। এর মধ্যে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের অধীনে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্সের মতো সাতটি বিভাগে প্রতিটিতে ১৫টি করে আসন রয়েছে। এ ছাড়া এমএসসি ইন সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইলস কোর্সের অধীনে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি এবং এমএসসি ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং অ্যান্ড রিটেইলিং কোর্সের অধীনে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ১৫টি আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।