১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সারা দেশ থেকে ঢাকায় এসেছিলেন লাখ লাখ বেকার তরুণ–তরুণী। তবে বেলা ১১টায় পরীক্ষা শুরুর আগেই (আগের দিন রাত) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা ৩ মিনিটে মাত্র দুই মিনিটের নোটিশে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ২৪২টি শূন্যপদের বিপরীতে ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। পরে বিশেষ নজরদারিতে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও ঘটনাটি সরকারি নিয়োগব্যবস্থার সার্বিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।