যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন। যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগে পরীক্ষা ছিল ১০ অক্টোবর। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় তিন লাখের বেশি প্রার্থী। কিন্তু পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। মূল প্রশ্নের সঙ্গে ছড়িয়ে পড়া প্রশ্নের মিল পাওয়ায় পরীক্ষা শুরুর দুই মিনিটের মাথায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে দূরদূরান্ত থেকে আসা অনেক প্রার্থী ক্ষুব্ধ হয়ে ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।