প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্ন
অধ্যায়-৫
প্রশ্ন: অণুর ধারণায় পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করো।
উত্তর:
পদার্থ তিন অবস্থায় থাকে—কঠিন, তরল ও গ্যাসীয়। এ অবস্থার পার্থক্য মূলত অণুগুলোর বিন্যাস ও গতির ওপর নির্ভর করে।
কঠিন পদার্থ: কঠিন অবস্থায় অণুগুলো খুব ঘনভাবে একে অপরের পাশে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তাই কঠিন পদার্থের নিজস্ব আকার ও আয়তন থাকে। যেমন: বরফ ও পাথর।
তরল পদার্থ: তরলের অণুগুলো কঠিনের তুলনায় কিছুটা দূরে থাকে এবং আকর্ষণ শক্তি মাঝারি। তাই তরল পাত্রের আকার ধারণ করে, কিন্তু আয়তন নির্দিষ্ট থাকে। যেমন: পানি ও তেল।
গ্যাসীয় পদার্থ: গ্যাসের অণুগুলো সবচেয়ে দূরে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি খুবই কম। অণুগুলো চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যেমন: জলীয় বাষ্প ও অক্সিজেন।