১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্মাণ, ব্যবসা ও অর্থ ব্যবস্থাপনার মতো ব্যবহারিক বিষয় চালু করার পরিকল্পনা করেছে ইংল্যান্ড সরকার।
ইংল্যান্ডে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ২০২৯ সাল থেকে নতুন ধরনের কারিগরি ও বৃত্তিমূলক সনদ চালু করা হবে। প্রচলিত একাডেমিক বিষয়গুলোর পাশাপাশি এসব বিষয়ে পড়ার সুযোগ থাকবে শিক্ষার্থীদের।
নতুন বিষয়গুলোর মধ্যে নির্মাণ ও বিল্ডিং, ব্যবসা ব্যবস্থাপনা ও অর্থ এবং শিশুর বিকাশের মতো বিষয় থাকতে পারে। এসব যোগ্যতার মান নির্ধারণ করবে দেশটির শিক্ষাগত যোগ্যতা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। ফলে প্রচলিত জিসিএসইর সঙ্গে নতুন কারিগরি সনদের ফলাফলের মানের সামঞ্জস্য রাখার চেষ্টা করা হবে।