হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে একটু বেশি ‘বাল্কি’ লাগছিল তাঁর। তাই আর দেরি না করে শুরু করেন ওজন কমানোর মিশন। দুই মাসের ব্যবধানে এরই মধ্যে ছয় কেজি ওজন কমিয়েছেন তিনি, লক্ষ্য আরও চার কেজি কমানো।
একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলতেন দীঘি। সেই তিনিই এখন ভাত খাচ্ছেন সপ্তাহে মাত্র এক দিন। সঙ্গে চলছে নিয়মিত ব্যায়াম। দীঘি বলেন, ‘গেল দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নেই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’