২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজপথে নেমেছিলেন অভিনেতা আরশ খান। সামাজিক মাধ্যমেও ছিলেন সরব। তবে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁর মতে, শব্দটির সঙ্গে যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকার কথা ছিল, তা এখন আর নেই।
ঢাকার উত্তরার দোলনচাঁপা শুটিংবাড়িতে একটি নাটকের শুটিংয়ে গত মঙ্গলবার জুলাই আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরশ বলেন, ‘জুলাই যোদ্ধা শব্দটা আমার সঙ্গে নিতে চাই না। কারণ, এই শব্দটার যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকা উচিত ছিল, সেটার কোনোটাই আসলে এখন নেই। এই শব্দটা এখন কুৎসিত হয়ে গেছে। হয়তো আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন; কিন্তু এই শব্দটা বিক্রি করে অনেক মানুষ ফায়দা লুটেছে। যার কারণে যখন এই শব্দটা শুনি, কেন জানি শ্রুতিমধুর লাগে না।’