পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর স্বাভাবিক জীবনে ফিরলেও তিন মাস আগে আবারও তাঁর শরীরে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছে। এবার ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার। অস্ত্রোপচারের পর এখন কেমোথেরাপি নিচ্ছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুর কাদের
এখন আপনার প্রতিদিনের রুটিন কী?
সামিয়া আফরিন : খুব সকালে উঠি। বাইরে হয়তো হাঁটতে যাচ্ছি না, তবে বাসার ছাদে হাঁটাহাঁটি করি। এরপর যোগব্যায়াম ও শ্বাসপ্রশ্বাসের এক্সারসাইজ করি। খেয়াল করলাম, একটা নির্দিষ্ট সময় পর হাঁপিয়ে উঠি, সেটাও ঠিক করার চেষ্টা করছি। যেকোনো রোগীর ক্ষেত্রেই নিজের শরীরের দিকে খেয়াল রাখা জরুরি। না চাইলেও এসব নিয়ে কাজ করলে শরীরটা ধীরে ধীরে রিফর্ম করে। আসলে প্রাকৃতিক নিয়মেই অনেক কিছু রিফর্ম হয়, শরীরও তার ব্যতিক্রম না। রোগের বিষয়টাকে স্পোর্টিংলি নিতে পারলে পুরো প্রক্রিয়াটা আরও সহজ হয়। খাবারও খুব বুঝেশুনে খাচ্ছি। যতটা সম্ভব ফ্রেশ ফুড খাওয়ার চেষ্টা করছি। বিষয়টা আমার কাছে বেশ মজারও লাগে। আগেকার দিনে ফ্রিজ ছিল না, প্রতিদিন বাজার হতো, প্রতিদিন রান্না হতো। তখন জীবনযাত্রা অনেক সহজ ছিল। এখন সবকিছু সহজ করার চেষ্টা করতে গিয়ে জীবনটাই যেন আরও জটিল হয়ে গেছে।