লতা মঙ্গেশকর না আশা ভোসলে—কে সেরা? রাহুল দেববর্মনও বোধ হয় এই প্রশ্নের সহজ উত্তর খুঁজে পাননি। একবার তিনি বলেছিলেন, ‘আমার মতে, আশাকে দিয়ে যেকোনো গান গাওয়ানো যায়। কিন্তু কিছু গান আবার লতা ছাড়া হয় না!’
দুই বোনকে নিয়ে গীতিকার ও পরিচালক গুলজারের তুলনাটি ছিল আরও চমৎকার। তাঁর ভাষ্যে, চাঁদে দুজন মানুষ একই সঙ্গে নামলেন। প্রথম যিনি পা রাখলেন, তাঁকে নিয়ে এত মাতামাতি হলো যে দ্বিতীয়জনের কথা প্রায় ভুলেই গেল সবাই। অথচ তিনিও তো একই সঙ্গে চাঁদে গিয়েছিলেন! গুলজারের সেই ‘দ্বিতীয় মানুষটি’ ছিলেন আশা ভোসলে।