পর্দায় কী দেখানো যাবে আর কী যাবে না, সিনেমার ইতিহাসের মতোই পুরোনো এই বিতর্ক। সময়ের সঙ্গে বদলেছে সমাজ, দর্শকের রুচি ও চলচ্চিত্রের ভাষা। কিন্তু বদলায়নি সিনেমাকে ঘিরে নিয়ন্ত্রণের প্রশ্ন। কোথাও আপত্তি যৌনতায়, কোথাও রাজনৈতিক বক্তব্যে। কোনো সিনেমা ধর্মীয় বা সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কায় আটকে গেছে, কোনোটি আবার রাষ্ট্রের ভাবমূর্তি কিংবা কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে।
ভারতে চলচ্চিত্রকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বা সিবিএফসি। তবে ইতিহাস বলছে, একটি সিনেমার ভাগ্য নির্ধারণে শুধু সার্টিফিকেশন বোর্ডই শেষ কথা নয়। কখনো সরকার, কখনো আদালত, কখনো রাজনৈতিক পরিস্থিতি কিংবা সামাজিক চাপ—সব মিলিয়েই থমকে গেছে বহু আলোচিত সিনেমার পথচলা।