আজ রোববার সকাল থেকে নগরে থেমে থেমে বৃষ্টি। দুপুরে যেন আকাশ ভেঙেই নামল বৃষ্টির ধারা। আজ নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। এমন বৃষ্টিমুখর দিনে প্রিয় নায়কের স্মৃতির সঙ্গে মিলেমিশে নতুন করে আলোচনায় এসেছে ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’ গানটি। সকাল থেকেই ইউটিউবে অনেকে গানটি শুনছেন। কেউ আবার সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় গানটির ভিডিও ফেসবুকে শেয়ার করে ফিরে যাচ্ছেন তিন দশক আগের স্মৃতিতে।
‘স্বপ্নের পৃথিবী’ চলচ্চিত্রের এই গান মুক্তির তিন দশক পরও আবেদন হারায়নি। বৃষ্টি নামলে এখনো অনেক বাংলা সিনেমাপ্রেমী গুনগুন করে গেয়ে ওঠেন গানটি। সময় পেরিয়েছে; গানের গীতিকার, সুরকার ও পর্দার নায়ক চলে গেছেন। কিন্তু তাঁদের সৃষ্টি এখনো বৃষ্টির দিনে শ্রোতা-দর্শকের মনে নতুন করে প্রাণ পায়।