একটি দ্রুত ঘুষি, মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে কাবু করে ফেলার অবিশ্বাস্য ক্ষমতা, চোখের পলকে পায়ের আঘাত—ব্রুস লিকে দেখার পর দর্শকের মনে হতো, মানুষ কি সত্যিই এত দ্রুত হতে পারে! পর্দায় তাঁর প্রতিটি লড়াই যেন আলাদা এক বিস্ময়। কিন্তু ব্রুস লি শুধু মারামারির দৃশ্য দিয়ে দর্শককে মুগ্ধ করেননি; তিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্ট সম্পর্কে পৃথিবীর ধারণা। অভিনয়, দর্শন, আত্মবিশ্বাস আর শারীরিক দক্ষতার এক বিরল সমন্বয় হয়ে উঠেছিলেন তিনি।
আজ ২৭ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতা ও মার্শাল আর্ট শিল্পীর জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মেছিলেন তিনি। মাত্র ৩২ বছরের জীবনে এমন এক উত্তরাধিকার রেখে গেছেন, যা অর্ধশতাব্দীর বেশি সময় পরও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করছে।