৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস
একটি দ্রুত ঘুষি, মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে কাবু করে ফেলার অবিশ্বাস্য ক্ষমতা, চোখের পলকে পায়ের আঘাত—ব্রুস লিকে দেখার পর দর্শকের মনে হতো, মানুষ কি সত্যিই এত দ্রুত হতে পারে! পর্দায় তাঁর প্রতিটি লড়াই যেন আলাদা এক বিস্ময়। ক
লেখক বিনোদন ডেস্ক··199K বার পড়া
৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস
একটি দ্রুত ঘুষি, মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে কাবু করে ফেলার অবিশ্বাস্য ক্ষমতা, চোখের পলকে পায়ের আঘাত—ব্রুস লিকে দেখার পর দর্শকের মনে হতো, মানুষ কি সত্যিই এত দ্রুত হতে পারে! পর্দায় তাঁর প্রতিটি লড়াই যেন আলাদা এক বিস্ময়। কিন্তু ব্রুস লি শুধু মারামারির দৃশ্য দিয়ে দর্শককে মুগ্ধ করেননি; তিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্ট সম্পর্কে পৃথিবীর ধারণা। অভিনয়, দর্শন, আত্মবিশ্বাস আর শারীরিক দক্ষতার এক বিরল সমন্বয় হয়ে উঠেছিলেন তিনি।
আজ ২৭ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতা ও মার্শাল আর্ট শিল্পীর জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মেছিলেন তিনি। মাত্র ৩২ বছরের জীবনে এমন এক উত্তরাধিকার রেখে গেছেন, যা অর্ধশতাব্দীর বেশি সময় পরও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করছে।
সান ফ্রান্সিসকোতে জন্ম, হংকংয়ে বেড়ে ওঠা ব্রুস লির আসল নাম লি জুন ফ্যান। তাঁর বাবা লি হোই চুয়েন ছিলেন ক্যান্টনিজ অপেরার জনপ্রিয় শিল্পী। বাবার সঙ্গে পরিবারের যুক্তরাষ্ট্র সফরের সময় সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে জন্ম তাঁর। জন্মের সময় চিকিৎসাকর্মীদের দেওয়া ইংরেজি নামটি পরে হয়ে ওঠে তাঁর বিশ্বজোড়া পরিচয়—ব্রুস লি।
শৈশবের বেশির ভাগ সময় কেটেছে হংকংয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। মাত্র তিন মাস বয়সে প্রথমবার চলচ্চিত্রে দেখা যায় তাঁকে। এরপর শিশুশিল্পী হিসেবে একের পর এক ছবিতে অভিনয় করেন। কৈশোরে পৌঁছানোর আগেই অভিনয়জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। কিশোর বয়সে অভিনয়ের পাশাপাশি নাচের প্রতিও আগ্রহ তৈরি হয়। এমনকি চা-চা নাচের প্রতিযোগিতায়ও সাফল্য পেয়েছিলেন।
কিন্তু তাঁর কৈশোর খুব একটা শান্ত ছিল না। হংকংয়ের রাস্তায় কিশোরদের সংঘর্ষ, মারামারি আর নানা ধরনের প্রতিকূলতার মধ্যে বড় হয়েছেন তিনি। আত্মরক্ষার প্রয়োজন থেকেই মার্শাল আর্ট শেখার প্রতি আগ্রহ জন্মায়। ১৩ বছর বয়সে তাঁর জীবনে আসেন কিংবদন্তি শিক্ষক ইপ ম্যান। তাঁর কাছেই উইং চুন কুংফুর প্রশিক্ষণ নিতে শুরু করেন ব্রুস।
ইপ ম্যানের কাছে প্রশিক্ষণ নেওয়া ছিল তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই শরীরের ভারসাম্য, গতি, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বুঝতে শেখেন। মার্শাল আর্ট তাঁর কাছে কেবল প্রতিপক্ষকে পরাস্ত করার কৌশল ছিল না; বরং নিজেকে জানার ও নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার একটি পথ হয়ে উঠেছিল।
আমেরিকায় নতুন জীবন, নতুন স্বপ্ন ১৯৫৯ সালে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে ফিরে যান ব্রুস লি। পকেটে ছিল মাত্র ১০০ ডলার। প্রথমে সিয়াটলে পরিবারের পরিচিতজনের রেস্তোরাঁয় কাজ করেন। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। ভর্তি হন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে। সেখানে দর্শন নিয়ে পড়াশোনা করেন। দর্শনের প্রতি এই আগ্রহ পরবর্তী সময়ে তাঁর মার্শাল আর্টের চিন্তাভাবনাতেও গভীর প্রভাব ফেলে।
আমেরিকায় থাকতেই মার্শাল আর্ট শেখানো শুরু করেন তিনি। ধীরে ধীরে নিজের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিতে আসতেন বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর মানুষ। তখনকার আমেরিকায় এশীয়দের নিয়ে নানা ধরনের বর্ণবাদী ধারণা প্রচলিত ছিল। ব্রুস লি নিজের কাজের মধ্য দিয়ে সেই ধারণাকে চ্যালেঞ্জ করেন। ১৯৬৪ সালে লং বিচে একটি মার্শাল আর্ট প্রদর্শনীতে অংশ নেন তিনি। সেখানে তাঁর অসাধারণ গতি, কৌশল ও শারীরিক নিয়ন্ত্রণ নজর কাড়ে উপস্থিত দর্শকদের। সেই প্রদর্শনী থেকেই হলিউডের সঙ্গে তাঁর যোগাযোগের নতুন দরজা খুলে যায়।
১৯৬৬ সালে মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য গ্রিন হর্নেট’-এ কাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পান। চরিত্রটি ছিল মূল নায়কের সহকারী। কিন্তু পর্দায় তাঁর উপস্থিতি এতটাই নজরকাড়া ছিল যে অনেক দর্শকের কাছে তিনিই হয়ে ওঠেন সিরিজটির সবচেয়ে আকর্ষণীয় চরিত্র। এখান থেকেই আমেরিকান দর্শকের কাছে পরিচিতি বাড়তে থাকে ব্রুস লির।
নিজের লড়াইয়ের দর্শন তৈরি ব্রুস লির সবচেয়ে বড় কৃতিত্বগুলোর একটি হলো প্রচলিত মার্শাল আর্টের গণ্ডি ভেঙে নিজস্ব একটি দর্শন তৈরি করা। ১৯৬৭ সালে তিনি এর নাম দেন জিট কুন ডো। বাংলায় যার অর্থ দাঁড়ায়—আটকে দেওয়া বা প্রতিহত করার মুষ্টির পথ।
তাঁর বিশ্বাস ছিল, কোনো একটি নির্দিষ্ট লড়াইয়ের কৌশলকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। প্রতিপক্ষ, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী কৌশল বদলাতে হবে। যে পদ্ধতি কার্যকর, সেটিই গ্রহণ করতে হবে। অকার্যকর বিষয় বাদ দিতে হবে।
তাঁর দর্শনের সবচেয়ে জনপ্রিয় উপমা ছিল পানি। পানির মতো হতে বলতেন তিনি। পানি যেমন পাত্রের আকার ধারণ করে, তেমনি পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা থাকতে হবে মানুষের। কখনো পানি শান্ত, কখনো প্রবল স্রোত, আবার কখনো পাথর ভেঙে এগিয়ে যায়। মানুষের জীবনেও প্রয়োজন এমন অভিযোজনক্ষমতা।
এ ভাবনাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল। তাঁর কাছে শক্তি মানে শুধু পেশির জোর নয়, বরং পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও।
হলিউডে বাধা, হংকংয়ে প্রত্যাবর্তন কাটো চরিত্রে জনপ্রিয়তা পেলেও হলিউডে নিজের মতো করে জায়গা করে নিতে পারেননি ব্রুস লি। এশীয় অভিনেতাদের জন্য তখন প্রধান চরিত্রের সুযোগ ছিল সীমিত। তাঁকে অনেক সময় পার্শ্বচরিত্র কিংবা প্রচলিত জাতিগত ছাঁচে তৈরি চরিত্রের মধ্যেই আটকে রাখার চেষ্টা হয়েছে।
এই বাস্তবতা তাঁকে হতাশ করেছিল। কিন্তু হাল ছাড়েননি। ১৯৭১ সালে ফিরে যান হংকংয়ে। সেখানে গোল্ডেন হারভেস্ট প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন। আর এই প্রত্যাবর্তনই বদলে দেয় তাঁর জীবন।
আলোচিত সিনেমা দ্য বিগ বস (১৯৭১) ছবিটি মুক্তির পর হংকংয়ের বক্স অফিসে রেকর্ড গড়ে। দর্শক নতুনভাবে চিনতে শুরু করেন ব্রুস লিকে। তাঁর লড়াইয়ের দৃশ্য, অভিব্যক্তি ও পর্দার উপস্থিতি হয়ে ওঠে আলোচনার বিষয়।
ফিস্ট অব ফিউরি (১৯৭২) এ ছবিতে ব্রুস লি অভিনয় করেন চেন ঝেন চরিত্রে। বিদেশি আধিপত্য ও অপমানের বিরুদ্ধে প্রতিবাদী এক তরুণের গল্প দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ছবিটি তাঁকে আরও বড় তারকায় পরিণত করে।
ওয়ে অব দ্য ড্রাগন (১৯৭২) এ ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বও পালন করেন ব্রুস। রোমের পটভূমিতে নির্মিত ছবিটির সবচেয়ে স্মরণীয় দৃশ্য হলো রোমান কলোসিয়ামে চাক নরিসের সঙ্গে তাঁর লড়াই।
এই তিন ছবির সাফল্য তাঁকে হংকংয়ের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক তারকায় পরিণত করে। তাঁর ছবিতে লড়াইয়ের দৃশ্য শুধু অ্যাকশন ছিল না; সেখানে থাকত আবেগ, প্রতিবাদ, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন।
‘এন্টার দ্য ড্রাগন’: যে ছবি তাঁকে অমর করে রাখল ব্রুস লির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি ‘এন্টার দ্য ড্রাগন’। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ছবিটি ছিল হলিউড ও হংকংয়ের যৌথ প্রযোজনা। পরিচালনা করেন রবার্ট ক্লাউস। ছবিতে ব্রুস লির সঙ্গে অভিনয় করেন জন স্যাক্সন ও জিম কেলি। ছবির গল্পে ব্রুস লি অভিনয় করেন এক মার্শাল আর্ট বিশেষজ্ঞের চরিত্রে, যিনি একটি দ্বীপে আয়োজিত লড়াইয়ের প্রতিযোগিতায় অংশ নিতে যান। কিন্তু তাঁর আসল উদ্দেশ্য ছিল অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করা।
ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলে। মাত্র আট লাখ ডলারের মতো বাজেটে নির্মিত ছবিটি আন্তর্জাতিকভাবে ৩০ কোটি ডলারের বেশি আয় করেছে বলে ব্রুস লি-সংক্রান্ত বিভিন্ন জীবনী ও ঐতিহাসিক প্রদর্শনীতে উল্লেখ করা হয়েছে। মার্শাল আর্টের ছবিকে আন্তর্জাতিক বাণিজ্যিক চলচ্চিত্রের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে এর ভূমিকা ছিল অসাধারণ।
দুঃখজনকভাবে ছবিটির আন্তর্জাতিক সাফল্য নিজের চোখে দেখে যেতে পারেননি ব্রুস লি। মুক্তির আগেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি।
শরীরচর্চায়ও ছিলেন সময়ের চেয়ে এগিয়ে পর্দায় ব্রুস লির অবিশ্বাস্য গতি ও শারীরিক সক্ষমতা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, কীভাবে এমন শরীর তৈরি করেছিলেন তিনি? এর উত্তর লুকিয়ে ছিল তাঁর কঠোর অনুশীলনে।
প্রতিদিনের প্রশিক্ষণে মার্শাল আর্টের পাশাপাশি দৌড়, ভারোত্তোলন, পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম এবং সহনশীলতা বৃদ্ধির চর্চা করতেন। শরীরের প্রতিটি পেশিকে কাজে লাগানোর চেষ্টা ছিল তাঁর। খাদ্যাভ্যাস নিয়েও ছিলেন সচেতন। শুধু শক্তিশালী হওয়া নয়, শরীরকে দ্রুত ও কার্যকরভাবে ব্যবহার করাই ছিল তাঁর লক্ষ্য। এ কারণে প্রচলিত বডিবিল্ডিংয়ের ধারণার বাইরে গিয়ে নিজের মতো করে প্রশিক্ষণপদ্ধতি তৈরি করেছিলেন।
তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে নানা কিংবদন্তি প্রচলিত আছে। তবে এসব গল্পের বাইরেও সত্যি হলো, অনুশীলনের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অসাধারণ। নিজের শরীরকে একটি দক্ষ যন্ত্রের মতো তৈরি করতে চেয়েছিলেন তিনি।
৩২ বছরেই থেমে গেল জীবন ১৯৭৩ সালের ২০ জুলাই। হংকংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্রুস লি। মাত্র ৩২ বছর বয়সে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে মস্তিষ্কে অস্বাভাবিকভাবে পানি জমে ফুলে যাওয়ার কথা বলা হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেরিব্রাল এডিমা বলা হয়। ব্যথানাশক ওষুধের প্রতি অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার সঙ্গে এর সম্পর্ক ছিল বলে তদন্তে উঠে আসে।
তাঁর মৃত্যুর সময় ‘এন্টার দ্য ড্রাগন’ মুক্তির অপেক্ষায়। ছবিটি মুক্তির পর আন্তর্জাতিক সাফল্য তাঁকে আরও বড় তারকায় পরিণত করে। কিন্তু সেই সাফল্যের গল্পের পরের অধ্যায়গুলো আর লেখা হয়নি তাঁর নিজের হাতে।
ব্রুস লির মৃত্যুর পর অসমাপ্ত ছবিগুলোর মধ্যে ‘গেম অব ডেথ’ বিশেষভাবে আলোচিত। ছবিটির কাজ শেষ করতে পারেননি তিনি। ১৯৭৮ সালে অন্য অভিনেতাদের দিয়ে অনেক দৃশ্য ধারণ করে ছবিটি মুক্তি দেওয়া হয়।
তাঁর ছেলে ব্র্যান্ডন লিও বাবার পথ অনুসরণ করে অভিনয়জগতে এসেছিলেন। কিন্তু ১৯৯৩ সালে ‘দ্য ক্রো’ ছবির শুটিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান ব্র্যান্ডন। বাবার মৃত্যুর প্রায় ২০ বছর পর ছেলের এমন অকালপ্রয়াণ ব্রুস লির পরিবারের শোকের ইতিহাসকে আরও বেদনাবিধুর করে তোলে।
আজও প্রাসঙ্গিক ব্রুস লি ব্রুস লির প্রভাব শুধু মার্শাল আর্টের সিনেমায় সীমাবদ্ধ নয়। পশ্চিমা চলচ্চিত্রে এশীয় অভিনেতাদের উপস্থাপনের ধরন বদলে দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। একসময় হলিউডে এশীয় অভিনেতাদের জন্য যে ধরনের সীমিত চরিত্র নির্ধারিত ছিল, ব্রুস লি সেই ছক ভেঙে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র নায়ক হিসেবে।
তাঁর প্রভাব পরবর্তী প্রজন্মের অসংখ্য অ্যাকশন তারকার মধ্যে দেখা যায়। জ্যাকি চ্যান, জেট লি থেকে শুরু করে আধুনিক মার্শাল আর্টের অনেক শিল্পীই তাঁর কাজ ও দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এমনকি আধুনিক মিক্সড মার্শাল আর্টের বিকাশের ক্ষেত্রেও তাঁর জিট কুন ডোর দর্শনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
তাঁর অভিনয় ও লড়াইয়ের দৃশ্যের প্রভাব পড়েছে হলিউডের নানা ছবিতেও। অ্যাকশন সিনেমার ভাষা বদলে দিতে সাহায্য করেছে তাঁর দ্রুতগতির কোরিওগ্রাফি, ক্যামেরার সামনে শরীরের স্বাভাবিক ব্যবহার এবং লড়াইয়ের দৃশ্যের আবেগময় উপস্থাপন।
ব্রুস লি ফাউন্ডেশন, ক্যালিফোর্নিয়া মিউজিয়াম, আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস ও আইএমডিবি অবলম্বনে