বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় পুয়ের্তো রিকোতে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মিস ইউনিভার্স সাত দশকের দীর্ঘ ইতিহাসে নানা সময়ে বিতর্কে জড়িয়েছে। জেনে নেওয়া যাক এমন একটি ঘটনা, যা পুরো প্রতিযোগিতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।
ঘটনাটি ২০২৩ সালের। মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, প্রতিযোগিতার আয়োজকেরা তাঁদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন। শুধু তা-ই নয়, অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানোর পাশাপাশি তাঁদের আপত্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছিল। কক্ষটিতে উপস্থিত ছিলেন পুরুষসহ অনেক মানুষ। তাঁদের কেউ কেউ এ ঘটনার ছবি তুলেছিলেন বলেও অভিযোগ করেন প্রতিযোগীরা।