মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কো ক্যুং পিয়ো।
এ ঘটনায় নিজের সব পূর্বনির্ধারিত কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। গত রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে দুর্ঘটনার দায় স্বীকার করে পুলিশের তদন্তে সহযোগিতার আশ্বাস দেন অভিনেতা।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পশ্চিমাঞ্চলের মাপো জেলার দংগিও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কো ক্যুং পিয়োর গাড়ির সঙ্গে মাপো জেলা কার্যালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদের একটি ট্রাকের সংঘর্ষ হয়।