তিন দশকের বেশি সময় গিটারের সুরে দেশের বহু শিল্পীর গানের সঙ্গী হয়েছেন রাসেল খান। কখনো কখনো মঞ্চে নিজেও গান গাইতেন। সংগীতাঙ্গনের পরিচিত ও প্রিয় এই মুখ আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু।
জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর স্ট্রোক হয়েছিল।